মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজের জনপ্রিয় রাজনৈতিক টকশো ‘মিট দ্য প্রেস’-এর একটি সাক্ষাৎকার চলাকালে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। ক্যালিফোর্নিয়ার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তার উত্থাপিত অভিযোগের পক্ষে প্রমাণ চাইলে সঞ্চালক ক্রিসটেন ওয়েলকারের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। শুক্রবার (৫ জুন) উইসকনসিন সফরের সময় একটি উন্মুক্ত খামারে সাক্ষাৎকারটি ধারণ করা হয়। পরে রোববার (৭ জুন) এটি টেলিভিশন ও অনলাইনে সম্প্রচারিত হয়।
সাক্ষাৎকারে ইরান সংকট, মার্কিন পররাষ্ট্রনীতি, মধ্যপ্রাচ্যের সামরিক কৌশল এবং বিভিন্ন অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা চলছিল। একপর্যায়ে ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক প্রাইমারি নির্বাচন প্রসঙ্গ উঠলে বিতর্কের সূত্রপাত হয়। ক্রিসটেন ওয়েলকার উল্লেখ করেন, ক্যালিফোর্নিয়ায় ভোট গণনার ধীরগতি এবং দীর্ঘায়িত নির্বাচন প্রক্রিয়া নতুন কিছু নয়; এটি দীর্ঘদিনের আইনগত কাঠামোর অংশ। জবাবে ট্রাম্প দাবি করেন, অঙ্গরাজ্যটির নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। তবে তার এই অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি।
ওয়েলকার বারবার প্রমাণ চাইলে ট্রাম্প বলেন, সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া তথ্য এবং নিজের পর্যবেক্ষণের ভিত্তিতেই তিনি এমন মন্তব্য করছেন।
এ সময় আলোচনা আরও উত্তপ্ত হয়ে ওঠে। ট্রাম্প অভিযোগ করেন, মার্কিন মূলধারার সংবাদমাধ্যম এবং নির্বাচনী কর্তৃপক্ষ পক্ষপাতদুষ্ট। তিনি এনবিসি, ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান এবং সঞ্চালক ক্রিসটেন ওয়েলকারকেও পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন।
ওয়েলকার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তিনি কেবল ট্রাম্পের দাবির পক্ষে তথ্য-প্রমাণ জানতে চাইছেন। এর জবাবে ট্রাম্প দাবি করেন, তার প্রতি করা প্রশ্নগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সাক্ষাৎকারের এক পর্যায়ে ট্রাম্প পুনরায় ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং সাম্প্রতিক ক্যালিফোর্নিয়া প্রাইমারি নিয়ে অনিয়মের অভিযোগ তোলেন। তবে সঞ্চালক তার অবস্থানে অনড় থেকে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান।
একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ওয়েলকারকে উদ্দেশ করে বলেন, আপনি হয় পক্ষপাতদুষ্ট, নয়তো বোকা। এরপর তিনি সাক্ষাৎকার শেষ করার ঘোষণা দিয়ে বলেন, দুঃখিত, এখানেই শেষ করি। আমার অনেক হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন। এ কথা বলেই তিনি মাইক্রোফোন খুলে ফেলার ভঙ্গি করেন এবং আসন ছেড়ে উঠে যান। ওয়েলকার তাকে সাক্ষাৎকার চালিয়ে যাওয়ার অনুরোধ জানালেও ট্রাম্প জানান, বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় কথা বলেছেন এবং যথেষ্ট সময় দিয়েছেন।
সাক্ষাৎকার চলাকালে তিনি এবিসি, সিবিএস এবং সিএনএনসহ অন্যান্য মূলধারার মার্কিন সংবাদমাধ্যমেরও সমালোচনা করেন। পরে ওয়াশিংটন স্টুডিও থেকে ক্রিসটেন ওয়েলকার দর্শকদের জানান, অনুষ্ঠান শেষে ট্রাম্পের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে আরেকটি সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে ট্রাম্প সম্মতি দিয়েছেন।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নির্বাচনী জালিয়াতির অভিযোগের পক্ষে প্রমাণ চাওয়ার পর একজন সাংবাদিকের সঙ্গে দেশটির প্রেসিডেন্টের এমন উত্তপ্ত বাকবিতণ্ডা নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সূত্র: বিবিসি
মন্তব্য করুন