স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় টিউশনি শেষ করে বাসায় ফেরার পথে মোহাম্মদ রিয়াদুল হাসান (১৯) নামের এক কলেজছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার (০৯ জুন) বিকেল ০৪:৩০ মিনিটের পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রিয়াদুল ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী এলাকার বাসিন্দা মোঃ জাহেদ আলমের ছেলে। তিনি এসএসসি ও এইচএসসি পাস করে সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি নিশ্চিত করেছিলেন। আজই তাঁর উচ্চশিক্ষার জন্য ঢাকায় রওনা হওয়ার কথা ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে লালখান বাজার এলাকায় টিউশনি শেষ করার পর থেকেই রিয়াদুল নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল নম্বরটি (০১৯৭৬৮১৭০২০) সচল থাকলেও বারবার কল করা সত্ত্বেও কেউ রিসিভ করছে না। সম্ভাব্য সব আত্মীয়-স্বজন ও পরিচিত স্থানে দীর্ঘ খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। নিখোঁজের সময় রিয়াদুলের পরনে ছিল সাদার মধ্যে কালো বিট গেঞ্জি এবং ব্লু কালার জিন্স প্যান্ট। তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং শারীরিক গঠন মাঝারি।
এই ঘটনায় নিখোঁজ ছাত্রের বাবা মোঃ জাহেদ আলম বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৫২০, ট্র্যাকিং নং- H3P455) রুজু করেছেন। বর্তমানে থানার এসআই মোঃ জালাল আহমেদ বিষয়টি তদন্ত করছেন।
এছাড়াও ছেলেকে দ্রুত উদ্ধারে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করতে এলিট ফোর্স র্যাব-৭ (চান্দগাঁও) কার্যালয়েও লিখিত আবেদন জানিয়েছে পরিবার। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা ও স্বজনরা এখন চরম উৎকণ্ঠা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে থাকা বা বিবরণের এই তরুণের সন্ধান পেয়ে থাকেন, তবে অবিলম্বে নিকটস্থ থানা অথবা পরিবারের মোবাইল নম্বরে (০১৭২৬৮১৭০২০) যোগাযোগ করার জন্য বিনীত ও আকুল অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন