চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক মোবাইল ব্যবসায়ীকে মারধর করে গুরুতর জখম এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী কোতোয়ালী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
ভুক্তভোগী মঞ্জুর আলম জানান, তিনি চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার বাসিন্দা এবং মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত। অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের চকবাজার থানা সভাপতি রাহাত উল্লাহ রবিন ও ওয়াহিদুল ইসলাম বাবু ব্যবসার কথা বলে প্রায় দুই মাস আগে তার কাছ থেকে ৯৮ হাজার টাকা ধার নেন। পরে একাধিকবার টাকা ফেরত চাইলে তারা তাকে হুমকি-ধমকি দিতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে গভীর রাতে রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার পথে কোতোয়ালী থানাধীন জুবলী রোডের তিন পুলের মাথা এলাকায় হোটেল টাওয়ার ইন-এর সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া অভিযুক্তরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার পথরোধ করেন। এরপর পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় লোহার রড ও কাঠের বাটাম দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এজাহারে আরও বলা হয়, হামলার সময় তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন এবং পকেটে থাকা ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া মামলা করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।ভুক্তভোগীর অতিরিক্ত অভিযোগ অনুযায়ী, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর সেটির লক খুলে ব্যক্তিগত ছবি ও ভিডিও বিভিন্ন মানুষের কাছে পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
চিকিৎসাজনিত কারণে তাৎক্ষণিকভাবে থানায় যেতে না পারলেও পরবর্তীতে পরিবারের সঙ্গে পরামর্শ করে তিনি এজাহার দায়ের করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন