নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মো. রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পুলিশ সুপারের নির্দেশনা ও সংশ্লিষ্ট সার্কেলের তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় কথিত অনলাইন জুয়া সাইটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিন ঈশ্বরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দওপাড়া এলাকার আবুল বাদশার ছেলে। তার মায়ের নাম ফিরোজা বেগম। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রবিনের কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে।পরে তাকে ঈশ্বরগঞ্জ থানায় এনে সংশ্লিষ্ট অনলাইন জুয়া মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক, অনলাইন জুয়া ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন