ময়মনসিংহ প্রতিনিধি: জনসেবায় নিবেদিত এক প্রশাসনিক কর্মকর্তা; দায়িত্ব, স্বচ্ছতা ও মানবিক কর্মকাণ্ডে অর্জন করেছেন মানুষের ভালোবাসা ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন সততা, কর্মদক্ষতা, স্বচ্ছতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জেলাবাসীর কাছে একজন আস্থাভাজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। ৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ২০২৪ সালের ১৯ মে ময়মনসিংহে যোগদানের পর থেকে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক নানা উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখে প্রশংসা কুড়িয়েছেন।
প্রশাসনের নিয়মিত দায়িত্বের বাইরে সাধারণ মানুষের সমস্যা, দুর্ভোগ ও সংকটকে গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ে কাজ করাই তাঁর অন্যতম বৈশিষ্ট্য বলে মনে করেন স্থানীয়রা। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জেলার বিভিন্ন প্রান্তে সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সংকটকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। দুর্গত এলাকায় সরেজমিন পরিদর্শন, ত্রাণ বিতরণ, খাদ্য সহায়তা, আর্থিক সহযোগিতা এবং জরুরি প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর উদ্যোগ ও তৎপরতায় অনেক অসহায় পরিবার দ্রুত সরকারি সহায়তা পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুধু দুর্যোগ মোকাবিলা নয়, শিক্ষা ক্ষেত্রেও তাঁর মানবিক ভূমিকার কথা উল্লেখ করেন অনেকে। মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে যাওয়া এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন তিনি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়ে তিনি সবসময় ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে ভূমি ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, মোবাইল কোর্ট পরিচালনা, জনসচেতনতামূলক কার্যক্রম এবং সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।
স্থানীয়দের মতে, একজন সরকারি কর্মকর্তা হয়েও আজিম উদ্দিন সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে যান। তিনি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করেন। তাঁর আচরণে কোনো ধরনের অহংকার নেই—বরং দায়িত্ববোধ, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধ তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।সরকারি চাকরির নিয়ম অনুযায়ী একজন কর্মকর্তাকে এক কর্মস্থলে দীর্ঘদিন থাকা সম্ভব নয়। দায়িত্বের প্রয়োজনে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হয়, নতুন মানুষের সেবা করার সুযোগ তৈরি হয়। তবে একজন কর্মকর্তার কর্মময় জীবনের সবচেয়ে বড় অর্জন হলো মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। সততা, নিষ্ঠা ও মানবিকতার মাধ্যমে যারা মানুষের পাশে দাঁড়ান, বিদায়ের পরও মানুষ তাঁদের স্মরণ করে।
ময়মনসিংহবাসীর কাছে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজিম উদ্দিন তেমনই একজন কর্মকর্তা, যাঁর কাজের প্রতি নিষ্ঠা, সিদ্ধান্তে দৃঢ়তা এবং মানুষের প্রতি ভালোবাসা তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। তাঁর কর্মদক্ষতা ও মানবিক কর্মকাণ্ড নিয়ে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন বলেন, “রাষ্ট্র আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করছি। সরকারি বরাদ্দ ও সেবা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া আমাদের অন্যতম দায়িত্ব। সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।”
তিনি আরও বলেন, “আমি এখানে কিছু দিতে এসেছি, নিতে নয়। মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ গড়ে তোলা সম্ভব। সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।”ময়মনসিংহে তাঁর দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও মানবিকতার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সম্পর্ক আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন