নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন আইভী।মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন তিনি। হাজিরা শেষে বের হয়ে আইভী বলেন, ‘আমি প্রতিবাদ করেছি সবসময় হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। আজ আমিই কি অপরাধী? এটার বিচার আল্লাহ আছেন, নারায়ণগঞ্জবাসী আছেন।তারাই দেখবেন।’এদিকে মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত আইভীর আইনজীবীরা তার পক্ষে হাজিরা দিতে পারবেন—এমন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আইভীর উপস্থিতিতে তার শারীরিক অবস্থা বিবেচনা করে আদালত এ আবেদন মঞ্জুর করেন।আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আজ আইভীর হাজিরা ছিল। তিনি আদালতে হাজির হয়েছেন। তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে আসামির পক্ষে আইনজীবী হাজিরা দেবেন-এ মর্মে আদালতে আবেদন করা হয়েছিল। আদালত তা মঞ্জুর করেছেন।তিনি বলেন, যখন সাক্ষ্যগ্রহণ শুরু হবে এবং বিচার কার্যক্রম চলবে, তখন তাকে আদালতে আসতে হবে। যতদিন চার্জশিট না হয়, ততদিন আসামির পক্ষে আইনজীবী হাজিরা দেবেন।
আইভী সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে দাবি করে তিনি বলেন, তিনি বারবার সেটি প্রমাণ করেছেন।তিনি আরও জানান, শুধু এই মামলাতেই আদালত আইভীর পক্ষে তার আইনজীবীকে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছেন। অন্য মামলাগুলোতে এখনো এমন কোনো সিদ্ধান্ত হয়নি।এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করতে আসা পুলিশের সঙ্গে রাতভর এলাকাবাসীর বাকবিতণ্ডা চলে।পরবর্তীতে ভোরে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার সমর্থকেরা পুলিশকে বাধা দেন এবং গাড়িবহরে হামলা চালান। এ ঘটনায় পরে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আইভীকেও আসামি করা হয়েছে।
মন্তব্য করুন