ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টা ২০ মিনিটের দিকে গৌরীপুর থানার সোনাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সুজীত চন্দ্র সরকার (৩৫)। তিনি গৌরীপুর উপজেলার সহনাটি দক্ষিণপাড়া গ্রামের অনিল চন্দ্র সরকার ও ললিতা রাণী সরকারের ছেলে।
পুলিশ জানায়, পুলিশ সুপার, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসির নির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে সুজীত চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।ডিবি পুলিশ জানিয়েছে, সুজীত দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার সঙ্গে সংশ্লিষ্ট মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের দাবি, এ ধরনের ধারাবাহিক মাদকবিরোধী অভিযান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি করছে।
মন্তব্য করুন