এএম লিটন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে মাদক কার্যক্রম নিয়ন্ত্রণে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। বুধবার (২২ জুলাই সকাল ১০টায় পুলিশ, ডেসকো এবং সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের উপস্থিতিতে হাজী মাজার বস্তির বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ডেসকোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এ কে এম নাজিমুল ইসলাম, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
যৌথ এ কার্যক্রমে বস্তির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় স্থাপিত অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট লাইন কেটে দেওয়া হয়, যা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, শুধুমাত্র মাদকবিরোধী অভিযান পরিচালনা নয়, বরং মাদক স্পটগুলোতে বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেটসহ প্রয়োজনীয় সেবা সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “হাজী মাজার বস্তির মতো এত বড় পরিসরে প্রকাশ্যে মাদক সেবনের চিত্র দেশের অন্য কোথাও দেখা যায় না। এটি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য উদ্বেগের বিষয় ছিল। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
মন্তব্য করুন