ময়মনসিংহ প্রতিনিধি: র্যাব-১৪, ময়মনসিংহের পৃথক তিন অভিযানে ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে ১৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানার আকুয়া মোড়লপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নাজমুল হুদা (২৮)কে গ্রেফতার করা হয়। তিনি চরকালীবাড়ী এলাকার শাহজাহান মড়লের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
দ্বিতীয় অভিযানে ১৯ জুন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে কোতোয়ালী থানার ইটখোলা এলাকায় অভিযান চালিয়ে আরেক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নাছির উদ্দিন (৩৫)কে গ্রেফতার করা হয়। তিনি চরপাড়া বন্দেরবাড়ী এলাকার লাল মিয়ার ছেলে।
একই দিন রাত ৮টা ৫০ মিনিটে ঢাকা বাইপাস এলাকায় পরিচালিত তৃতীয় অভিযানে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মেহেদী হাসান ওরফে সাজ্জাদ (২০)কে গ্রেফতার করা হয়। তিনি কৃষ্টপুর বউবাজার এলাকার মৃত জলিলের ছেলে। তার বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৩/৩৯৮ ধারায় দায়ের করা ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৪ জানিয়েছে, অপরাধ নির্মূলে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।