ময়মনসিংহ প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া থানায় দায়ের হওয়া আলোচিত ডাকাতি ও জোড়া হত্যার মামলার প্রধান পলাতক আসামি মো. কাশেম সাখিদার (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এবং র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার যৌথ অভিযানে তাকে ময়মনসিংহের ভালুকা উপজেলার সীড স্টোর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ জুলাই রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমন্ডপ গ্রামে ভয়াবহ ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই রাতে আফতাব উদ্দিনের বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। একই সময় তার পুত্রবধূ রিভাকেও হত্যা করা হয়। এ সময় ঘরে থাকা শিশুকে ভয়ভীতি দেখিয়ে দুর্বৃত্তরা প্রায় সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও নগদ অর্থসহ মোট ১৭ লাখ ৫৬ হাজার ২০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার পর নিহত আফতাব উদ্দিনের মেয়ে বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় ডাকাতিসহ হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩৯৪/৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।
মামলার পর থেকেই র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ জুন) সন্ধ্যায় ভালুকার সীড স্টোর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান পলাতক আসামি কাশেম সাখিদারকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন