ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের মুক্তাগাছা থানায় দায়ের করা চাঞ্চল্যকর লোকমান হোসেন হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. দীপ্ত (২২)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। র্যাব-১৪ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের জগন্নাথবাড়ী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, নিহত লোকমান হোসেনের পরিবারের সদস্য রওশনারা পারুল নামের এক নারীর কাছ থেকে ৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে ধৃত আসামি দীপ্তসহ এজাহারভুক্ত অন্যান্য আসামিরা রওশনারা, মীম ও লোকমান হোসেনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় লোকমান হোসেনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারায় রুজু করা হয়। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।
র্যাব-১৪ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সিপিসি-২, র্যাব-৪ এর সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানার জিরানী পুকুরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার পলাতক আসামি মো. দীপ্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য করুন