শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (০৬ জুন) শেরপুর মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সায়েদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক-শিক্ষিকা, সুধীবৃন্দ এবং এ অনুষ্ঠানের প্রাণভোমরা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেই শিশুদের মানসিক বিকাশ পরিপূর্ণ হয় এবং দেশপ্রেম জাগ্রত হয়। তিনি কোমলমতি শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও নৈতিক অবক্ষয় থেকে দূরে থেকে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যকলাপে আরও বেশি মনোনিবেশ করার আহ্বান জানান।
পুরস্কার বিতরণে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, প্রতিযোগিতায় বিজয়ী হওয়াই মুখ্য নয়; বরং অংশগ্রহণের মধ্যেই নিহিত থাকে শেখা, আত্মবিশ্বাস অর্জন এবং এগিয়ে যাওয়ার প্রেরণা। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ। এ সময় তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন