ময়মনসিংহ অফিস: ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন চর ঈশ্বরদিয়া এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘটিত সংঘবদ্ধ হামলায় রানা মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চর ঈশ্বরদিয়া এলাকার একটি মুদি দোকানের সামনে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রানা মিয়া তার ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. মোফাজ্জল হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মাহমুদুল ইসলাম মাহিন (২০), তোফাজ্জল হোসেন (৪০), হুমায়ুন কবীর আকাশ (২৩) এবং মনিরুল ইসলাম (২৪)। তাদের সবার বাড়ি চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন