ময়মনসিংহ অফিস: ময়মনসিংহের গৌরীপুরে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে শাওন চন্দ্র দাস (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্ত যুবক পবিত্র আল-কুরআনের ওপর পা রেখে ছবি তুলে তার ইমু আইডিতে আপলোড করে। পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা গৌরীপুর পৌরসভার মডেল মসজিদের সামনে জড়ো হয়ে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেয়।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার (২০ মে) ভোর ৫টার দিকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে শিল্পাঞ্চল পুলিশের সহযোগিতায় শাওন চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শাওন চন্দ্র দাস গৌরীপুর উপজেলার মাঝিপাড়া এলাকার সাধন চন্দ্র দাসের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি গৌরীপুর সরকারি কলেজ-এর স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। এ ঘটনায় গৌরীপুর থানা-এ একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।