বাণিজ্যমন্ত্রী খানকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের পরই অগ্রাধিকার ভিত্তিতে ব্যক্তিখাতের শিল্প-কারখানায় জ্বালানি সরবরাহ করা হয়। তাই কেবল জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়ে রাষ্ট্রীয় ক্ষতি হচ্ছে—বিষয়টি এমন নয়; বরং বৈশ্বিক বাজারের সরবরাহ ব্যবস্থার সমস্যা জ্বালানি ঘাটতির একটি বড় নিয়ামক হিসেবে কাজ করছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইল টিতাস গ্যাস মিলের জমিতে গড়ে ওঠা একটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, নতুন বিনিয়োগকারীদের ক্ষেত্রে ইনসেনটিভ (জ্বালানি নির্ভর) কারখানার পরিবর্তে সেসব ক্ষেত্রে ইনসেনটিভ বা কম জ্বালানি সাশ্রয়ী কারখানা স্থাপনের আহ্বান জানানো হচ্ছে। তিনি আরও বলেন, জ্বালানির দাম বাজারের ওপর নির্ভর করে ওঠানামা করে, তাই নির্দিষ্টভাবে দাম কমানো বা নিয়ন্ত্রণের সুযোগ সীমিত।
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) জমি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিটিএমসির শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ইতোমধ্যে কয়েকটি শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও কয়েকটি স্থাপনের প্রক্রিয়াধীন রয়েছে। তবে কিছু জায়গায় দখলদারিত্বসহ নানা সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করে বিনিয়োগের পরিবেশ তৈরি করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপি) কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ মাহমুদুল করিম এবং বাল্লী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সরকার।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদলটি শিল্পপ্রতিষ্ঠান বাল্লী কালেকশন লিমিটেড নামক একটি পোশাক কারখানা ঘুরে দেখেন এবং পরবর্তীতে অন্যান্য স্থাপনাও পরিদর্শন করেন।
মন্তব্য করুন