আহছান মিয়া,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় পবিত্র উরশের নাম ব্যবহার করে মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে এমন গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে এলাকার পরিচিত দুটি প্রতিষ্ঠান ওসমান বিরিয়ানি ও আকাশ বিরিয়ানি। স্থানীয় সূত্রে জানা যায়, উরশ উপলক্ষে সাধারণত দান ও মানতের অর্থে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়, যা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মান ও আবেগের বিষয়। অথচ এই পবিত্র আয়োজনকে ঘিরে উল্লিখিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ‘উরশ বিরিয়ানি’ নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, এসব দোকানে বিক্রি হওয়া বিরিয়ানির মান অত্যন্ত নিম্নমানের হলেও উরশের নাম জুড়ে দিয়ে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। অনেক ক্রেতা ধারণা করছেন এটি দানকৃত বা উরশের অংশ হিসেবেই বিতরণ করা হচ্ছে, যা পরবর্তীতে প্রতারণা বলে জানতে পারছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “উরশ একটি ইবাদত ও মানবিকতার প্রতীক। সেখানে ব্যবসার লেবাস লাগিয়ে মানুষের ঈমানি আবেগ নিয়ে বাণিজ্য করা জঘন্য অপরাধ।”
সচেতন মহলের অভিযোগ, কোনো উরশ কমিটির অনুমতি ছাড়াই এসব প্রতিষ্ঠান উরশের নাম ব্যবহার করছে, যা শুধু প্রতারণাই নয় বরং ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। এতে একদিকে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে, অন্যদিকে উরশের পবিত্রতা ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ধর্মীয় আয়োজনগুলো পুরোপুরি বাণিজ্যের পণ্যে পরিণত হবে
মন্তব্য করুন