স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ পৌর ভূমি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পৌর ভূমি কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি সেবার মানোন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ সেবা গ্রহণকারীদের ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই ভূমি অফিসে আগে যেখানে নানা অনিয়ম, দেরি এবং ঘুষ বাণিজ্যের অভিযোগ শোনা যেত, বর্তমানে সেই চিত্রে এসেছে আমূল পরিবর্তন। সেবা নিতে আসা সাধারণ মানুষ জানান, এখন জমির খাজনা পরিশোধ কিংবা নামজারি (খারিজ) করতে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত অর্থ লেনদেনের প্রয়োজন হয় না।
জীবন কুমার বিশ্বাস তার সততা, ভদ্রতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে ইতোমধ্যে সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেছেন। তিনি জমির রেকর্ড, পর্চা ও বিএস খতিয়ান যাচাই করে যথাযথ প্রক্রিয়ায় নামজারি সম্পন্ন করেন, যেখানে কোনো প্রকার অনিয়ম বা অনৈতিক লেনদেনের সুযোগ নেই।
এছাড়াও তার দায়িত্বকালীন সময়ে সরকারি জমি ভুয়া কাগজপত্রের মাধ্যমে দখল বা আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি বলে স্থানীয়দের দাবি। ফলে সরকারি সম্পত্তি রক্ষা ও ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার ভূমিকা প্রশংসিত হচ্ছে। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিছু অসাধু চক্র ও ভূমি জালিয়াতদের স্বার্থে আঘাত লাগায় তারা মাঝে মাঝে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করে। কিন্তু এসব অপচেষ্টাকে উপেক্ষা করে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। সংশ্লিষ্ট মহলের মতে, জীবন কুমার বিশ্বাসের মতো সৎ ও দক্ষ কর্মকর্তার মাধ্যমে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব, যা দেশের অন্যান্য এলাকায়ও অনুকরণীয় হতে পারে।
মন্তব্য করুন