ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।জেলা পুলিশের নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে ঘটনার মাত্র এক ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে এবং জড়িতদের আটক করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে কোতোয়ালী থানার দাপুনিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে পারিবারিক জমিতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় অলিউল্লাহর স্ত্রী সুমি ওরফে সুমা (৩০)-এর সঙ্গে ভাসুরবধূ নাছিমা আক্তারের বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে নাছিমার স্বামী খলিলুর রহমান খলিল ঘর থেকে ছুরি এনে সুমার বাম কাঁধের নিচে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ খলিলুর রহমান খলিল (৩৫) ও তার স্ত্রী নাছিমা আক্তার (৪০)-কে গ্রেফতার করে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা গিয়াস উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন