ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে নান্দাইল থানার অরণ্যপাশা এলাকায় কিশোরগঞ্জ-নান্দাইল মহাসড়কের এমএমবি এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে যাত্রীবেশে থাকা দুই মাদককারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নেত্রকোনা জেলার মতিউর রহমান (৩১) এবং সিলেট জেলার মোছাঃ হালিমা বেগম (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে মাদক থাকার কথা স্বীকার করেন।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজির পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন