ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি সফল অভিযানে মোট ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায় গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে এই অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে ত্রিশাল থানার নওধার লেকপাড় এলাকায় দুপুর ২টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা, আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় তিন মাদক কারবারি—মোঃ আব্দুর রশিদ (৬৫), মোঃ জাহিদ হাসান (২৪) ও মোছাঃ নাছিমা আক্তার (৫০)কে গ্রেফতার করা হয়। জানা গেছে, তাদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
অপর অভিযানে ভালুকা মডেল থানার ডাকাতিয়া দক্ষিণপাড়া এলাকায় বিকেল ৫টায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মোঃ হেলাল মিয়া (২৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ডিবি পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।